
|
মসজিদের নামকরণ নিয়ে মারামারি, একজনের মৃত্যু
প্রকাশ:
১১ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ সকাল
নিউজ ডেস্ক |
মসজিদের নামকরণ নিয়ে মারামারিতে দেলোয়ার হোসেন দিলবর (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন দিলবর ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এদিন জুমার নামাজের পর ভারী বর্ষণের কারণে মুসল্লিরা মসজিদের সামনে মতবিনিময় সভায় মিলিত হন। দীর্ঘ আলোচনার সময় বাইরে ভারী বৃষ্টিপাত চলাকালে উপস্থিত গালংশাহ ও খাসের গাওয়ের লোকজনের মধ্যে মসজিদের নামকরণ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এমন সময় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার হোসেন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেডএম/ |