
|
পশ্চিমবঙ্গে ভোটের আগে হুমায়ুন কবীরের সঙ্গ ছাড়লেন ওয়াইসি
প্রকাশ:
১০ এপ্রিল, ২০২৬, ০৪:১২ দুপুর
নিউজ ডেস্ক |
পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মানের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধেছিল ভারতের আলোচিত রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম বা মিম। নির্বাচনে বিজেপিকে সুবিধা করে দিতে বড় অংকের অর্থ লেনদেনের একটি ভিডিও ফাঁসের জেরে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিয়েছে মিম। শুক্রবার (১০ এপ্রিল) ভোরের দিকে মিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জোট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এআইএমআইএম এক বিবৃতিতে জানিয়েছে, ‘হুমায়ুন কবীরের যে যে কথা ফাঁস হয়েছে, তা দেখিয়ে দিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা বিপজ্জনক অবস্থায় আছেন। এআইএমআইএম এমন কোনও বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না, যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়।’ মিমের পক্ষ থেকে আরও জানানো হয় যে, বাংলার মুসলমানরা দীর্ঘ সময় ধরে অবহেলিত ও নিপীড়িত। প্রান্তিক জনগোষ্ঠীর একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে দাঁড়ানোর নীতি থেকেই তারা নির্বাচনে লড়ে, তাই ভবিষ্যতে আর কোনো দলের সঙ্গে কোনো জোটে তারা যাবে না। দলটি সাফ জানিয়ে দিয়েছে, ‘আজ থেকে এআইএমআইএম কবীরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করে নিয়েছে। বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত একটি জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাওদের জন্য কিছুই করা হয়নি। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনও দলের সঙ্গে আমাদের কোনও জোট থাকবে না।’ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারাতে বিজেপির সঙ্গে ১,০০০ কোটি টাকার ‘ডিল’ করেছেন হুমায়ুন কবীর। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। ভিডিওটিতে হুমায়ুন কবীর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম নিয়েছেন বলে দাবি করেছে তৃণমূল। আইও/ |