
|
গোপালগঞ্জে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে আহত ১০
প্রকাশ:
১০ এপ্রিল, ২০২৬, ০৩:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত দশ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষ হয় বলে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানিয়েছেন। আহদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- মাসুদ ফকির। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী সহ অন্তত দশ জন আহত হয়। তাদের মধ্যে সাত জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং বাকিদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস বলেন, আহতদের মধ্যে তাদের হাসপাতালে ভর্তি মাসুদ ফকিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরিদর্শক খোরশেদ আলম বলেন, পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএইচ/ |