
|
নারায়ণগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ
প্রকাশ:
০৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার চাঁদনী হাউসের সামনে দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ইমরান (১৪) ও রাকিব (২৩) নামে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ইমরানকে হাসপাতালে ভর্তি করেছেন চিকিৎসক। গুলিবিদ্ধ মো. ইমরান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকায় বসবাস করে। এবং রাকিব ফতুল্লা থানার শান্তনগর এলাকার হোসেন খোকার ছেলে। গুলিবিদ্ধ রাকিব বলেন, আমি হাজী মিসির আলি ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী। দুপক্ষের সংঘর্ষ চলাকালে হঠাৎ আমার ডান হাতের কাঁধে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ ইমরানের বোন ইশা মনি জানান, ইমরান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে তার পেটে গুলি লাগে এবং সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক ইমরানকে হাসপাতালে ভর্তি করেছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে দুজনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে এক কিশোরকে ভর্তি করা হয়েছে এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আইও/ |