
|
আজ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন, চলছে ভোটগ্রহণ
প্রকাশ:
০৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫৪ সকাল
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে আসনদুটোর কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । এর আগে ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনের সময় শেরপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর আকস্মিক মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা হয়। শেরপুর-৩ শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনীর ১৪০ জন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে, বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র্যাবের ১৪টি টিম (১৩৫ জন), পুলিশের ১ হাজার ১৫৫ জন এবং আনসার ভিডিপির ১ হাজার ৭০৪ জন সদস্য নিয়োজিত রয়েছেন। বগুড়া-৬ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার। এই আসনে ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার সুযোগ পাচ্ছেন তাদের ভোটাধিকার প্রয়োগের । নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, সেনাবাহিনীর ২৫০ জন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে, বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাবের ১০টি টিম (৭০ জন), পুলিশের ১ হাজার ৩২৭ জন এবং আনসার ভিডিপির ১ হাজার ৯৯০ জন সদস্য। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হন। তবে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয় ইসি। জেডএম/ |