
|
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি ঢামেক চিকিৎসকদের, বন্ধ জরুরি বিভাগ
প্রকাশ:
০৮ এপ্রিল, ২০২৬, ০৭:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা-সেবা আপাতত বন্ধ। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ সূত্রপাত হয় এ ঘটনার, বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জরুরি বিভাগে নতুন করে রোগী নেওয়া হচ্ছে না আপাতত। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত এখনো। আপাতত জরুরি বিভাগে চিকিৎসা সেবা চলছে না। এদিকে ঘটনার পর ঢাকা মেডিকেলের ভেতরে-বাইরে দুই পক্ষের উত্তেজনা বিরাজ করছে। গেটের বাইরে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, একটি রুমে নিয়ে পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারপিট করেছে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা। অন্যদিকে জরুরি বিভাগের কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালের ভেতরে-বাইরে উভয় পক্ষের উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার পর আমাদের কাছে সংবাদ আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসকের কথা কাটাকাটি হয়েছে। এই সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গেছে। পরিস্থিতির স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। জেডএম/ |