
|
হজযাত্রীরা যেন কোনো কষ্ট না পান, নির্দেশনা ধর্মমন্ত্রীর
প্রকাশ:
০৭ এপ্রিল, ২০২৬, ০৭:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
হজযাত্রীরা যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখার জন্য হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতাদের নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাবের নির্বাহী কমিটির সঙ্গে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ আসন্ন। এ বছর হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে। হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। হজযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। হজযাত্রীরা যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে। গত হজ মৌসুমে হজ ব্যবস্থাপনাকে যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন এ বছরও সেভাবেই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এসময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আইও/ |