
|
কৃষকদের ডিজেল প্রদানের নির্দেশ সকল জেলার ডিসিদের
প্রকাশ:
০২ এপ্রিল, ২০২৬, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
সারাদেশে কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলনক্ষে এ কথা জানান মন্ত্রণালয়টির যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, আজ সারাদেশে ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে মিটিং করা হয়েছে। জেলা প্রশাসকরা মিটিং এ যুক্ত ছিলেন। সেখানে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত ডিজেল মজুদ আছে বলে ডিসিদের জানিয়ে দেয়া হয়েছে এবং সারাদেশে কৃষকদের চাহিদা মতো ডিজেল প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনার পর, সারাদেশে কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত হবে এবং সকল কৃষক প্রয়োজন মত ডিজেল পাবেন বলে মুখপাত্র আশা ব্যক্ত করেন। মনির হোসেন চৌধুরী জানান, সরকারের কাছে বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ টন লিটার ডিজেল মজুদ আছে। তাই সারাদেশে কৃষকদের ডিজেল দিতে সরকারের পক্ষ থেকে কোন অসুবিধা নেই। তিনি আরও বলেন, কৃষকদের ডিজেল প্রাপ্তিতে কোন অসুবিধা হলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। মনির হোসেন চৌধুরী বলেন, ডিজেল ছাড়াও অকটেন ও পেট্রোলের কোন সমস্যা নেই। গত দিনগুলোতে যেভাবে সরকারের পক্ষ থেকে সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হতো বর্তমান সময়েও একইভাবে সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ অবস্থার কারণে অনেকেই হয়তো দাম বাড়ানোর সুযোগ নিতে গিয়ে অন্যায়ভাবে জ্বালানি তেল মজুদ করছেন। এই মজুদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত আছে। সূত্র: বাসস। জেডএম/
|