
|
দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের
প্রকাশ:
২৮ মার্চ, ২০২৬, ০৯:২৪ রাত
নিউজ ডেস্ক |
‘অতিসাংবিধানিকতা’ না দেখিয়ে দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। শনিবার (২৮ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে মহাসচিব এই আহ্বান জানান। ইউনুস আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ ও বিএনপির নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত। এই গণঅভ্যুত্থান না হলে দ্বাদশ জাতীয় সংসদ ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারেরই দেশ পরিচালনা অব্যাহত থাকার কথা ছিল। কিন্তু ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্রের পতন ঘটে। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো সাংবিধানিক প্রক্রিয়ার ফল নয়; বরং এটি ছিল বিদ্যমান সংবিধানের সুযোগে গড়ে ওঠা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের গণইচ্ছার বহিঃপ্রকাশ। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন। তাই সরকারকে অতিসাংবিধানিকতা না দেখিয়ে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর যৌথ মতামতের ভিত্তিতে এবং গণভোটে প্রতিফলিত জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি। মাওলানা ইউনুস বলেন, কোনো ধরনের ছলচাতুরি বা সংবিধানের প্রতি অতিভক্তি দেখানো বন্ধ করে গণভোট ও জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। ইউনুস আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে সংশোধনী এনে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে অতিরিক্ত ক্ষমতাসীন করার চেষ্টা চলছে। একক ব্যক্তিকে অতিক্ষমতায়নের পরিণতি জাতি অতীতে ভোগ করেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর দেখতে চায় না জনগণ। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। আইও/ |