বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ইন্দ্রজিৎ নামে এক এনজিও কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুল আজিজ ভাঙ্গুড়া উপজেলার ঝিকলকতি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, রাতে মোটরসাইকেলে করে দুই আরোহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত এনজিও কর্মকর্তা ইন্দ্রজিৎকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল আজিজের মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ গ্রাম ঝিকলকতির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরএইচ/