
|
‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’
প্রকাশ:
২৬ মার্চ, ২০২৬, ০৯:২৯ সকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে প্রতিনিয়ত অতিরিক্ত চাপ, দুর্বল ব্যবস্থাপনা এবং নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এমন একটি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ স্থানে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে—ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দুর্ঘটনায় পতিত বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি—যা উদ্ধার কার্যক্রমের ধীরগতি ও সমন্বয়হীনতারই প্রতিফলন। মহাসচিব নিহতদের প্রত্যেক পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের পূর্ণ চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের জোর দাবি জানান। তিনি অবিলম্বে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নৌপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সড়ক, রেল ও নৌপথে একের পর এক দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, যা সার্বিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে। তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের বাগাড়ম্বরতা পরিহার করে কার্যকর পদক্ষেপ গ্রহণে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এমএম/ |