
|
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী?
প্রকাশ:
২৫ মার্চ, ২০২৬, ১১:৪৮ রাত
নিউজ ডেস্ক |
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া মারহালায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া। সম্মিলিত মেধাতালিকার শীর্ষ ২৭টি স্থানের মধ্যে ২৩টিই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দখলে এসেছে, যা কওমি শিক্ষাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুধু চলতি বছরই নয়, প্রতি বছরই বেফাক ও আল-হাইআতুল উলইয়ার বিভিন্ন মারহালায় ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে প্রতিষ্ঠানটি। ফলে কওমি শিক্ষাঙ্গনে জামিআ রাব্বানিয়ার ফলাফল এখন এক বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই অসাধারণ ফলাফলের পেছনের কারণ অনুসন্ধানে সামনে এসেছে জামিআ রাব্বানিয়ার শিক্ষাব্যবস্থার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানটির আসাতিজায়ে কেরামের সঙ্গে কথা বলে জানা যায়, আল্লাহ প্রদত্ত এ সাফল্যের মূল কারিগর জামিআর প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী (দা.বা.) এবং তার সুদূরপ্রসারী শিক্ষাপরিকল্পনা ও সার্বক্ষণিক তত্ত্বাবধান। বর্তমান সময়ে যখন অনেক প্রতিষ্ঠানে মূল কিতাব পরিহার করে সাজেশন ও গাইডনির্ভর পাঠদান বাড়ছে, তখন জামিআ রাব্বানিয়া আরাবিয়া প্রতিটি কিতাব কদীম নেসাব অনুযায়ী পূর্ণাঙ্গভাবে সমাপ্ত করার নীতিতে অটল রয়েছে। এখানে কোনো বিষয় বাছাই করে বা সংক্ষিপ্ত আকারে পড়ানো হয় না; বরং মূল কিতাবের পূর্ণাঙ্গ পাঠদান নিশ্চিত করা হয়। এর ফলে শিক্ষার্থীরা একদিকে গভীর ইলমি যোগ্যতা ও পোক্ত ইস্তিদাদ অর্জন করছে, অন্যদিকে কেন্দ্রীয় পরীক্ষাতেও ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল করছে। পাশাপাশি শিক্ষার্থীদের তরবিয়ত ও চরিত্র গঠনের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশেষ গুরুত্ব ও কঠোর নজরদারি। মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী সাহেব সর্বক্ষণ মাদরাসায় অবস্থান করেন এবং নিজের সবটুকু সময় শিক্ষার্থীদেরকে তিলে তিলে গড়ে তোলার কাজেই ব্যয় করেন। একই সঙ্গে আসাতিজায়ে কেরামও নিরলস মেহনত ও নিবেদিত সাধনার মাধ্যমে শিক্ষার্থীদের ইলম ও চরিত্র গঠনে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ভাষ্যমতে, তাদের একমাত্র লক্ষ্য ও কর্মসূচি হচ্ছে ছাত্র গঠন। ব্যক্তিগত ব্যস্ততা বা ভিন্ন কোনো অগ্রাধিকার ছাড়াই এই লক্ষ্যকে সামনে রেখে তারা দুর্বার গতিতে ছুটে চলছেন। মোটকথা পূর্ণাঙ্গ পাঠদান, কঠোর শৃঙ্খলা, সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং তরবিয়তে গুরুত্ব—এই চারটি বিষয়ের সমন্বিত প্রয়াসই জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ধারাবাহিক সাফল্যের মূল রহস্য। |