আল হাইয়াতুল উলিয়া এবারও সাফল্যের শীর্ষে ঢালকানগর মাদরাসা 
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর
নিউজ ডেস্ক

সদ্য প্রকাশিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর ১৪৪৭ হিজরী (২০২৬ ঈসায়ী) শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় বরাবরের মতোই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর। 

সারা বাংলাদেশের ৬টি কওমি মাদরাসা বোর্ডের সমন্বয়ে গঠিত এই উচ্চতর বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ৯২৬টি মাদরাসা থেকে মোট ২৩,৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ঢালকানগর মাদরাসা থেকে এ বছর তাকমিল মারহালায় মোট ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই শতভাগ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৩৭ জন মুমতায (স্টারমার্ক) এবং ২ জন জায়্যিদ জিদ্দান বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

শতভাগ পাসের পাশাপাশি সম্মিলিত মেধাতালিকায় প্রতিষ্ঠানটি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। শীর্ষ ১০ জনের মধ্যে ৪ জনসহ মোট ১০ জন মেধাবী ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছেন। তাদের অর্জিত মেধাস্থানগুলো হলো যথাক্রমে: ১ম, ৩য়, ৯ম, ১০ম, ১৬তম, ১৭তম (২ জন), ২০তম, ২৩তম ও ২৭তম।

সাফল্যের এই ধারাবাহিকতায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে মাদরাসা বাইতুল উলূম-এর মুহতামিম মুফতি জাফর আহমাদ দা.বা. আওয়ার ইসলামকে বলেন, ‘এটি আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ও শুকরিয়া যে, তিনি আমাদের শিক্ষার্থীদের মেহনতকে কবুল করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এই সাফল্যের পেছনে আকাবিরদের তাওয়াজ্জুহ ও উস্তাদ-শিক্ষার্থীদের দুয়া ও নিরলস মেহনত কাজ করেছে। এগুলো সব আল্লাহ তাআলার বিশেষ দান।’

মাদরাসার এই অসামান্য সাফল্য অর্জনে অত্র মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি জাফর আহমাদ দা.বা. ও মাদরাসার সকল আসাতেযায়ে কেরাম মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, আগামীকাল ৬ই শাওয়াল মোতাবেক ২৬ মার্চ সকাল ৯ টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

এছাড়া মুন্সিগঞ্জের সিরাজদিখানের জামিয়া আশরাফুল মাদারিসের ভর্তি কার্যক্রমও শুরু হবে আগামীকাল ৬ই শাওয়াল। প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস ও ঢালকাসগর মাদরাসায় এর ভর্তি কার্যক্রম চলবে।

 এমএম/