আলেম লেখক-সংগঠক কাজী সিকান্দার আর নেই
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৭:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক এবং ফেনী সাহিত্য ফোরামের সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক, সম্পাদক ও সংগঠক মাওলানা কাজী সিকান্দার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী এলাকায় ফেনী সাহিত্য ফোরামের আয়োজিত আনন্দ ভ্রমণে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে তাকে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে লেখক, সম্পাদক ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামসহ বিভিন্ন সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে।
কাজী সিকান্দরের গ্রামের বাড়ি ফেনীতে। তিনি থাকতেন ঢাকার কামরাঙ্গীরচরে। সেখানে নিজ প্রতিষ্ঠিত মাদরাসা পরিচালনা ছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আলেম-লেখক কাজী সিকান্দার তাঁর জীবদ্দশায় গল্প, উপন্যাস, কবিতা, গবেষণা ও পাঠ্যবইসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- ১. মা (গল্পগ্রন্থ) — ২০২০; ২. সোনালী মেঘ (কবিতা সম্পাদনা) — ২০২১; ৩. মানবতার কাব্য (কবিতা সম্পাদনা) — ২০২২; ৪. দ্যা কী অব লাভ (ভালোবাসার চাবি) (উপন্যাস) — ২০২২; ৫. হুজুরের শ্যালিকা (ছদ্মনাম ‘আজনবী); (উপন্যাস) — ২০২২; ৬. লেখক হওয়ার ব্যাকরণ (গবেষণা প্রবন্ধ) — ২০২৪; ৭. শিক্ষা, নারী শিক্ষা ও মহিলা মাদরাসা (গবেষণা) — ২০২৪; ৮. কওমীর পতনধ্বনী: উত্তরণ ও আশার বাণী (গবেষণা/ইতিহাস) — ২০২৪; ৯. রাসূল (সা.) প্রেমের সওগাত (গল্প) — ২০২৫; ১০. উম্মুহাতুল মুমিনীন (অনুবাদ) — ২০২৫; ১১. গ্রাম আমার মায়ের আঁচল (ছড়া-কবিতা) — ২০২৫; ১২. তাজবীদুল কুরআন (কুরআন শিক্ষা) — ২০১৪; ১৩. দ্বীনী তালীম (দুআ ও মাসআলা) — ২০১৪; ১৪. সহীহ দাওয়াত ও তাবলীগ — ২০২৪; ১৫. ইসলাহী কায়েদা (শিশু পাঠ্য) — ২০২৩; ১৬. দারুল আরাবিইয়্যাহ (আরবি শিশুসাহিত্য, ১–৫ খণ্ড) — ২০২৪; ১৭. ক্যাপিটাল ইংলিশ (ইংরেজি শিশুসাহিত্য, ১–৫ খণ্ড) — ২০২৪; ১৮. পুষ্পকলি (বাংলা শিশুসাহিত্য, ১–৫ খণ্ড) — ২০১৬; ১৯. ইলম ও আলেম; ২০. ভোট ও নেতা নির্বাচন।

 এমএম/