
|
কুমিল্লার রেল দূর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা ঘোষণা
প্রকাশ:
২২ মার্চ, ২০২৬, ০৩:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, রেল কর্তৃপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারের জন্য এক লাখ টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং গুরুতর আহতদের প্রয়োজন হলে ঢাকায় এনে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রাথমিকভাবে দায়ী দুইজনকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে অরক্ষিত রেলক্রসিংগুলোতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি ধারণা প্রকাশ করে বলেন, রেলগেট খোলা থাকায় বাসটি লাইনে উঠে যায় এবং সেখান থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার কথাও জানান। এমএম/ |