জামালপুরে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৫
প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ০৯:৪১ রাত
নিউজ ডেস্ক

জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদের উপর ড্রাম দিয়ে তৈরী করা ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার ( ২১মার্চ) ঈদের দিন দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও গামারিয়া এলাকার আবির (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে যাতায়াতের সুবিধার্থে ড্রাম দিয়ে ভাসমান সেতু তৈরি করে পৌর কতৃপক্ষ। ঈদের দিন দর্শনার্থীদের ভিড় জমে ভাসমান সেতুতে। বিকেলে ঈদ উপলক্ষে বেড়াতে আসা মানুষের চাপে ভাসমান সেতুটি উল্টে গেলে মানুষজন পানিতে পড়ে যায়। এ সময় বেশিভাগ মানুষ সাঁতরে পাড়ে উঠতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করে। জানা যায়, এখনো অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার কার্যক্রম চলছে।

 এমএম/