
|
রাজধানীতে ১২১ ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদ জামাত
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৬, ০৪:০১ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীতে এবার ১২১টি ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সারাদেশে ১৭৭১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনকালে জানান, এবারের ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে পরিস্থিতি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হবে, যেখানে ৩৫ হাজারের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন। বায়তুল মোকাররম মসজিদে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি সকাল ৭টায়। এছাড়া উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠেও জামাতের আয়োজন করা হয়েছে। ঈদগাহে প্রবেশের প্রতিটি গেটে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চলবে, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রধান তিনটি রাস্তায় মৎসভবন, প্রেস ক্লাব ও শিক্ষাভবন এলাকায়—ব্যারিকেড থাকবে, যেখানে যানবাহন ও যাত্রীদের পরীক্ষা করা হবে। নারীদের জন্য আলাদা প্রবেশ পথ ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়েও সতর্কতা নেওয়া হয়েছে। জিরো পয়েন্ট, হাইকোর্ট, প্রেস ক্লাব ও পল্টন এলাকায় যানবাহন ডাইভারশন থাকবে এবং মুসল্লিদের নির্ধারিত পয়েন্ট থেকে পায়ে হেঁটে ঈদগাহে আসতে হবে। ডিএমপি কমিশনার সবাইকে পার্কিং ব্যবস্থার যথাযথ ব্যবহার এবং তল্লাশি প্রক্রিয়ায় সহায়তার আহ্বান জানান। এমএম/ |