বেফাকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জের অনন্য সাফল্য
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৯:০৭ রাত
নিউজ ডেস্ক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ। আজ বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শতভাগ পাসের গৌরব অর্জনসহ জাতীয় মেধাতালিকায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ থেকে এবারের কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়ে ৭২ জন শিক্ষার্থী মেধাতালিকায় নাম লিখিয়েছেন। এছাড়া মোট উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৮২ জন মুমতাজ (স্টার মার্ক) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

দেশের প্রখ্যাত আলেম ও সুপরিচিত ওয়ায়েজ শায়খ হাসান জামিল হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত ও পরিচালিত এই প্রতিষ্ঠানটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে পড়ালেখা, উন্নত আবাসন এবং শিক্ষার্থীদের মানসম্মত খাবার ও আধুনিক সুযোগ-সুবিধার জন্য দেশজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। তালীম-তারবিয়াতের পাশাপাশি ফলাফলের এই ধারাবাহিকতা প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে।

প্রতিষ্ঠানের এই অভাবনীয় সাফল্যের পেছনে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিশেষ কর্মশালারও ভূমিকা ছিল। ‘বাংলা হস্তলিপি প্রশিক্ষণ ও পরীক্ষা প্রস্তুতি কর্মশালা’র মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উপস্থাপন দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জামিয়ার এই মহান খিদমতে অংশীদার হতে পেরে সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মশালা কর্তৃপক্ষ গভীর আনন্দ প্রকাশ করেছেন।

মাদরাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা এই অসামান্য সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। এ ছাড়া শায়খ হাসান জামিল হাফিজাহুল্লাহ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ শিক্ষা ও আদর্শিক মানে আরও বহুদূর এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

বেফাকের এই অনন্য ফলাফল নিয়ে তিনি বলেন, আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠার এটা তৃতীয় বছর। প্রথম বছরে মেধা তালিকায় স্থান পেয়েছিল ১৭ জন, দ্বিতিয় বছর ৩১ জন। এ বছর সেই সংখ্যাটা আরও বেড়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি সামনে এই প্রতিষ্ঠান দেশের শীর্ষস্থান অর্জন করবে। সবার কাছে আমি সে বিষয়ে দোয়া চাই।

এদিকে, আজ বুধবার (১৮ মার্চ) বেফাক মিলনায়তনে দুপুর ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার  ৮০:৯৫%। মুমতায (স্টার মার্ক) ৫৩,৫০০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,৭৪৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৫,৬৭৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ১,১১,৬৭১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৮৬,৫৯১ জন।

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে। 

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ হতে ২৪ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ পর্যন্ত সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১৩৩৮টি দরসিয়াত ছাত্রী কেন্দ্রে, ৩৯৯টি হিফয ছাত্র ও ৫০টি হিফয ছাত্রী কেন্দ্রে এবং ২২টি ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (ছাত্র-ছাত্রী) কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৩,৫৪,০৩৬ জন। 
এতে দরসিয়াত ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৩,৫৮৪ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,০৯,২৪২ জন, তাহফিজুল কুরআন ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩৭,৬৮৫ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৫১ জন।

 এমএম/