পৌনে ৪ লাখ বেফাক পরীক্ষার্থীর অপেক্ষার প্রহর ঘুচছে আজ
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৯:১১ সকাল
নিউজ ডেস্ক

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম পরীক্ষার ফলাফল আজ বুধবার (১৮ মার্চ) ঘোষণা করা হবে। এর মাধ্যমে প্রায় পৌনে চার লাখ ছাত্রছাত্রীর অপেক্ষার প্রহর ঘুচবে। 

গত রোববার (১৫ মার্চ) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৮ মার্চ ২০২৬ বুধবার বেলা ১১টায় বেফাকের ওয়েবসাইটে (www.wifaqresult.com) ফলাফল প্রকাশিত হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদারা, বি, দ্বীনি ও ইভোলার বেফাকভুক্ত মাদরাসাসমূহ তাদের মাদরাসাওয়ারি ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল  দেখতে ইলহাকের পরে স্পেশ দিয়ে বিজয় কিবোর্ডে এদারা, বি, দ্বীনি ও ইভোলা লিখতে হবে। 

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা গত ১৭ জানুয়ারি শুরু হয়ে চলে ২৪ জানুয়ারি পর্যন্ত। এই পরীক্ষা সারাদেশের ২৪০৭টি মারকাজে হিফজ-কিরাআতসহ ৭টি মারহালায় তিন লাখ ৭৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার এবং ছাত্রী দুই লাখ ২৩ হাজার ২০৩ জন।

 এমএম/