
|
হঠাৎ বৃষ্টিতে বইমেলায় ছন্দপতন, প্রকাশকদের মাথায় হাত
প্রকাশ:
১৪ মার্চ, ২০২৬, ১০:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
অমর একুশে বইমেলার ১৮তম দিনে শুক্রবার (১৩ মার্চ) বজ্র ও শিলাবৃষ্টি হানা দেয়। এতে প্রকাশকদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে ছন্দপতন হয়েছে বইমেলার। ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া এবার অন্যান্য বছরের তুলনায় বইমেলায় বিক্রি কম থাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে মাথায় হাত পড়েছে প্রকাশকদের। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে বৃষ্টি হানা দেয়। এতে বৃষ্টির পানি থেকে বই বাঁচাতে ছোটাছুটি করছিলেন বিক্রয়কর্মীরা। বৃষ্টির কারণে অনেকেই ফুড কোড ও বই স্টলের দিকে ছোটাছুটি শুরু করেন। এদিকে কিছু কিছু স্টলের ভেতর পানি ঢুকে পড়েছে। কোনো কোনোটির সামনের অংশে জমে গেছে পানি। কোনো স্টলের ভেতরে টানানো হয়েছিল পলিথিন। বাতিঘর প্রকাশনীর বিক্রয় কর্মী ইকরা আহমেদ বলেন, বৃষ্টির কারণে একটু তো সমস্যায় পড়তে হয়েছে, এমনিতেই বিক্রি কম। বৃষ্টি আসার পর দর্শনার্থী ছিল না। স্টলে পানিও ঢুকে গেছে। তবে সময়মতো বইগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির সময়টাতে বিক্রি হয়নি। তবে এ হালকা বৃষ্টিতে বইমেলার পরিবেশে স্নিগ্ধতা একটু বেড়েছে। আলোর দ্বীপ প্রকাশনীর রাশেদ আমীন বলেন, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আমরা বইগুলো নিচে নামিয়ে ফেলি। দোকানের গঠনের কারণে অল্প সময়েই আমাদের কয়েকটি বই ভিজে যায়। বাতাস থাকায় বৃষ্টি ভেতরে চলে আসছিল বলে আমরা দ্রুত ঢেকে দিয়েছি। রাশেদ আমীন বলেন, বইমেলা শেষ হওয়ার আর আছে দুদিন। আশা করছিলাম আজকে ভালো বিক্রি হবে। সন্ধ্যার পর থেকে দর্শনার্থীও আসতে শুরু করেছিল। তবে হঠাৎ শিলা বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেল। আইএইচ/ |