
|
হাঁস চুরির ঘটনায় সালিশে নাকে খত, অপমানে আত্মহত্যা যুবকের
প্রকাশ:
০৯ মার্চ, ২০২৬, ১০:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
হাঁস চুরির ঘটনায় বসা গ্রাম্য সালিশে নাকে খত দেওয়ায় অপমানিত হয়ে মো. মাসুম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। গতকাল রোববার (৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. মাসুম ওই গ্রামের মিজি বাড়ির আলাউদ্দিন মিয়ার ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, একই গ্রামের পাটওয়ারী বাড়ির মো. নয়ন পাটওয়ারীর ২টি চীনা হাঁস ও ১টি দেশীয় প্রজাতির হাঁস গত শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে হাঁস না পেয়ে নয়ন পাটোয়ারীর পরিবারের লোকজন জানতে পারেন তাদের হাঁসগুলো একই গ্রামের মো. মাসুম চুরি করে প্রতিবেশি রাবেয়া বেগম নামে এক গৃহবধূর কাছে বিক্রি করে দিয়েছে। এ চুরির ঘটনায় অভিযুক্ত যুবক মো. মাসুমের বাড়িতে রোববার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বসে। এতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চুরির অপরাধ স্বীকার করায় মো. মাসুমকে ৫ হাজার টাকা জরিমানা ও নাকে খত দেওয়ানোর মধ্য দিয়ে শালিসের সমাপ্তি টানা হয়। তবে নাকে খত দেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. মাসুম অপমান বোধ করেন। একপর্যায়ে সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে নিজেদের বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। টের পেয়ে স্থানীয়রা এসে মো. মাসুমের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানায়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, মো. মাসুম এর আগেও বিভিন্ন চুরির ঘটনা ঘটিয়েছিল। এবার হাঁস চুরির ঘটনায় অপরাধ স্বীকার করায় তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও পরবর্তীতে এমন ঘটনা না ঘটানোর জন্য নাকে খত দেয়ানো হয়। এরইমধ্যে সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. মাসুম। এর বাইরে আমার আর কিছু জানা নেই। মাসুমের বাবা আলাউদ্দিন মিয়া অভিযোগ করে বলেন, চুরির অপবাদ দিয়ে আমাদের বাড়ি এসে আমার ছেলেকে মারধর করেছে নয়ন পাটোয়ারীসহ আরও কয়েকজন। তিনি আরও যোগ করেন, ইউপি সদস্যের নেতৃত্বে একতরফা সালিশ করে আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তাই অপমান সইতে না পেরে আমার ছেলে আত্মহত্যা করেছে। ছেলের মৃত্যুর জন্য ইউপি সদস্য ও সালিশ এবং নয়ন পাটোয়ারী দায়ী। তিনি ছেলে হত্যার বিচার চান। একই অভিযোগ মা ও স্বজনদেরও। চুরি যাওয়া হাঁসের মালিক নয়ন পাটওয়ারী বলেন, তার হাঁস চুরির ঘটনায় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানানো হয়। তারা বিচার করে দিয়েছেন। তাদের রায়ে আমি সন্তুষ্ট। তবে আমার বিরুদ্ধে মারধরের যে অভিযোগ তা সত্য নয়। এ বিষয় রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলালউদ্দিন বলেন, মাসুমের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তীতে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।ৎ আইএইচ/ |