
|
‘জ্বালানি সংকটেও বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই’
প্রকাশ:
০৮ মার্চ, ২০২৬, ০৯:৪৮ রাত
নিউজ ডেস্ক |
সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিলেও বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই। রোববার (৮ মার্চ) দুপুরে উত্তরায় মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কোনো অবস্থায়ও ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ছে না। জ্বালানি তেলের সংকট হতে পারে- এই আশঙ্কায় ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মন্ত্রী আরও বলেন, জ্বালানি তেল এখনো পর্যন্ত আমাদের যে মজুত আছে, সেটা সন্তোষজনক ও নিরাপদ। বাসগুলোর পর্যাপ্ত জ্বালানি ঈদযাত্রার জন্য যা প্রয়োজন, সেটা সরবরাহ করা হবে। তিনি এসময় মেট্রোরেল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, জনযাত্রা নির্বিঘ্ন করার জন্য মনোরেলসহ আরও কিছু প্রকল্প সামনে আসছে, দ্রুতই আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। শেখ রবিউল বলেন, মেট্রোরেলের সেবা দেশের নাগরিকবান্ধব। এর সঙ্গে মনোরেলসহ অন্যান্য যোগাযোগকে যুক্ত করে ঢাকার যোগাযোগব্যবস্থার একটা আমূল পরিবর্তন করার পদক্ষেপ ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে। এসময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আইএইচ/ |