৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ১৪ শিশু
প্রকাশ: ০৮ মার্চ, ২০২৬, ১০:১৫ দুপুর
নিউজ ডেস্ক

জয়পুরহাটে শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে যারা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করেছে, সেই শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা শহরের সাহেব পাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে মসজিদ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই মসজিদ কমিটির সভাপতি মুহা: হাসিবুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাফিজুর রহমান মাফুর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সফলভাবে দায়িত্ব পালনকারী ১৪ জন শিশুকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া দ্বিতীয় স্থান অধিকারী ১৭ জন শিশুকে ১ হাজার ৫০০ টাকা করে এবং তৃতীয় স্থান অর্জনকারী ৬ জনকে ১ হাজার টাকা করে নগদ অর্থ পুরুস্কৃত করা হয়েছে।

এতে বক্তব্য দেন সাহেব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন, মাওলানা জোবাইদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুরা মোবাইল গেমস ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এবং ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস ও নৈতিক শিক্ষার চর্চা শিশুদের ভবিষ্যতে সমাজ গঠনে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আইএইচ/