নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা
প্রকাশ: ০৭ মার্চ, ২০২৬, ০৪:১৮ দুপুর
নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা সত্ত্বেও যাতায়াতের রুট হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করায় পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ড্রোন হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি নিজেই। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সেই ট্যাংকার জাহজটির নাম প্রিমা। তবে সেটি কোন দেশের জাহাজ তা জানায়নি রেভল্যুশনারি গার্ড।

বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বার বার সতর্কবার্তা দিয়েছি যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র সমর্থকদের জাহাজ চলাচল নিষেধ। কিন্তু প্রিমা নামের ট্যাংকার জাহাজটি আমাদের সতর্কবার্তা আমলে নেয়নি।

আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।

হরমুজ প্রণালীকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টি তেলবাহী জাহাজে হামলা করেছে ইরান।

সূত্র: বিবিসি

আইএইচ/