
|
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী
প্রকাশ:
০৫ মার্চ, ২০২৬, ১০:৩৭ রাত
নিউজ ডেস্ক |
আলেম-ওলামা,কূটনীতিক ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলের আয়োজন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুক্রবার (৬ মার্চ) কূটনীতিকদের সম্মানে একটি এবং ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করছেন। দুটি ইফতার মাহফিলই যমুনায় অনুষ্ঠিত হবে। এছাড়া রাজনীবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক অবস্থা বিবেচনা করে তা বাতিল করা হয়েছে বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব। উল্লেখ্য, প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমান নিজের বাসায় পরিবারের সঙ্গেই ইফতার করছেন। রাষ্ট্রীয়ভাবে জাকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান হচ্ছে না। |