
|
‘বন্ধ থাকা ৭টি পাটকল খুলে দেওয়া হচ্ছে’
প্রকাশ:
০৫ মার্চ, ২০২৬, ০১:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা। আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনলাইনে তিনি এ মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার (০৫ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, জাতীয় পাট দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে। সকলকে আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, অনলাইনে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পাট ও পাটপণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনসহ সকলকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া বন্ধ থাকা ৭টি পাটকল খুলে দেয়া হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরে চালু করা হবে বলেও জানানো হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সেজন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পরা পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার। অপরদিকে, দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত আছে। এরইমধ্যে ইজারা দেওয়া মিলগুলোর ৯টিতে মিলে ৭২০০ জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এমএম/ |