ইসলামী আন্দোলনের কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি
প্রকাশ: ০৪ মার্চ, ২০২৬, ০১:১৭ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো. ইদ্রিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার যে ঘটনা ঘটেছে তা আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদের বিভীষিকার কথা স্মরণ করিয়ে দিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পাখিমারা বাজারে যুবদলের অফিসে জহিরুল ইসলামের নেতৃত্বে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মো. ইদ্রিসকে নির্মমভাবে পেটায় যুবদলের মাস্তানরা। তারই প্রতিক্রিয়ায় মো. ইদ্রিসের মৃত্যু ঘটেছে। এই ঘটনা আবরার ফাহাদের ঘটনার ভয়াবহতাকে আবারো পুনরাবৃত্তি করেছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত জহিরুল ইসলামকে আইনের আওতায় নিতে হবে এবং ঘটনার সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে বিএনপি নেতৃবৃন্দকে আহবান করবো, দলের মধ্যে থাকা খুনি, মাস্তান ও বর্ববদের প্রতিহত করুন। এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিন। অন্যথায় বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, আমরা রাজনৈতিক ও আইনিভাবে এই নির্মমতার মোকাবিলা করবো। বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।