
|
মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ:
০৩ মার্চ, ২০২৬, ০৫:৫৪ বিকাল
নিউজ ডেস্ক |
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদরাসা পুড়ে ভস্ম হয়ে গেছে। এ ঘটনায় মালামালসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নূরানী মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আগুন লেগে মাদ্রাসাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মাদরাসা কর্তৃপক্ষ জানান, এখানে ছাত্রী-শিক্ষিকাদের বিভিন্ন আসবাবপত্র ও মাদরাসার মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানে এলাকার ৮৫ জন ছাত্রী পড়াশোনা করে। প্রতিদিনের মতো তারা রাতে নামাজ আদায় শেষে নিজ নিজ বাড়িতে চলে যায়। এরপর রাত ২টার দিকে মানুষের চিৎকার-চেঁচামেচি শুনে তিনি মাদ্রাসায় ছুটে এসে দেখেন ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই মাদ্রাসাটি পুড়ে যায়। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে নতুন করে সংস্কার করার মতো কোনো অর্থ তাদের হাতে নেই। দ্রুত ভবন নির্মাণ করা না গেলে ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে। ফলে নতুন ঘর নির্মাণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। আইএইচ/ |