উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত
প্রকাশ: ০৩ মার্চ, ২০২৬, ০১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত এই সফর বাতিল করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। নিয়ম মেনে চলার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সফর স্থগিত করেছেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজ এলাকায় সফরকালে জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়া সফরে আসবেন।

আইএইচ/