
|
প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই
প্রকাশ:
০৩ মার্চ, ২০২৬, ১২:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
বিখ্যাত বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি যুক্তির আলোকে ইসলামের বিধি-বিধান তুলে ধরতেন। এজন্য তার নামের সঙ্গে যুক্তিবাদী শব্দটি যুক্ত হয়। একটা সময় তিনি সারাদেশে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম ঘটত। মাওলানা যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ছারছীনা দরবারের পীর আল্লামা নেছার উদ্দীনেরখলিফা মাওলানা মীর মনিরুদ্দীন। নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাস করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদরাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাস করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন। মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী কোরআন, হাদিস, নবি, সাহাবি ও আওলিয়াদের জীবনী তার সুললিত ও দরাজ কণ্ঠে বয়ান করতেন। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ধর্মীয় আলোচনার প্রসার ঘটিয়েছেন। তিনি ইসলাম প্রচারে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বহুবার সফর করেছেন। এমএম/ |