
|
‘বিরোধীদল থেকেই ডেপুটি স্পিকার নির্বাচিত হবে’
প্রকাশ:
০২ মার্চ, ২০২৬, ০৩:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। ১১ দলীয় জোটকে এ বিষয়ে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এরই অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকারের প্রার্থী নির্ধারণ করেন। তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদের যে সমঝোতা হয়েছে, সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ আছে, যার একটি বিরোধীদল পাবে। অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। পাশাপাশি তিনি আরও বলেন, তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। আইএইচ/ |