হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা
প্রকাশ: ০২ মার্চ, ২০২৬, ১০:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

উত্তর ইসরায়েলে হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চালানোর দাবির পরই লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

সোমবার (২ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। একই সঙ্গে এটি লেবানন ও তার জনগণের সুরক্ষার অংশ বলেও দাবি করেছে সংগঠনটি। 

বিবৃতিতে হিজবুল্লাহ বলে, ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং তাদের নেতাকর্মীদের হত্যার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

হিজবুল্লাহর হামলার পরপরই দক্ষিণ বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। স্থানীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম ও পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও ইসরায়েল হামলা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননজুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালাচ্ছে। এক বিবৃতিতে তারা বলে, হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে তার কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে, যেখানে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও তার মিত্ররা জড়িয়ে পড়ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে এরপরও ইসরায়েল প্রায়ই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গত বছর লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি সিদ্ধান্ত নেয়, কিন্তু সংগঠনটি তা প্রত্যাখ্যান করে জানায়, ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় তাদের অস্ত্র প্রয়োজন। সূত্র: আল জাজিরার। 

 এমএম/