
|
আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৪ সকাল
নিউজ ডেস্ক |
আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গজব আল হক’ পরিচালনায় পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান অত্যন্ত দারুণ কাজ করছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় আফগান তালেবান সরকারের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। সামরিক মুখপাত্র জানান, সীমান্তের ৫৩টি স্থানে বিদ্রোহীদের প্রতিহত করা হয়েছে এবং বেসামরিক ক্ষতি এড়াতে সংযম দেখানো হয়েছে। সরকারি হিসাব মতে, এ পর্যন্ত ২৯৭ জন নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছে। ৮৯টি তালেবান পোস্ট ধ্বংস ও ১৮টি দখল করা হয়েছে। এছাড়া ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে এবং আফগানিস্তানের ২৯টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। টেক্সাসে যাওয়ার আগে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে তাদের ‘মহান নেতা’ বলে উল্লেখ করেন। এদিকে প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষের প্রেক্ষাপটে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র জানান, বেসামরিক জনগণের ওপর সহিংসতার প্রভাব নিয়ে গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলিয়ারিচও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে নতুন করে সহিংসতা সাধারণ মানুষের জনজীবনে দুর্ভোগ আরও বাড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল সংযম ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে। এমএম/ |