চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩১ দুপুর
নিউজ ডেস্ক

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে এক বিয়ের অনুষ্ঠানে চাঁদার টাকা কম দেওয়ায় কিশোর গ্যাং হামলা চালিয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বরের বাবা, ভাই ও জেঠাসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ঘটনায় আহতরা হলেন- ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য অনুষ্ঠানে গিয়ে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে আয়োজকপক্ষ তিন হাজার টাকা দিলেও তারা তাতে সন্তুষ্ট হয়নি। একপর্যায়ে তারা হামলা চালিয়ে বরের বাবা বাবু লাল বিশ্বাস ও ভাই ত্রিনাদ বিশ্বাসকে মারধর করে টেবিল-চেয়ার ভাঙচুর ও আশেপাশে বাড়িরঘরে হামালা করে।

আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করে বলেন, আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বৃহস্পতিবার রাতে বাড়িতে অনুষ্ঠান চলছিল। আমরা ক্যারাম খেলছিলাম। তখন কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন এবং ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে যায়।

স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন, বিয়েবাড়িতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা আতঙ্কে আছি। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়। এই নিয়ে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

আইএইচ/