জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৭ দুপুর
নিউজ ডেস্ক

সারাদেশের জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত। মোট ৩১ জন সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির কার্য-পরিধিতে বলা হয়েছে—

* সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা করা

* আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করা ও পরিকল্পনা মোতাবেক কার্য সম্পাদন করা

* অপরাধী ও সমাজবিরোধী ব্যক্তিদের অপরাধমূলক কার্যকলাপ ফলপ্রসূভাবে প্রতিরোধকল্পে পরিকল্পনা গ্রহণ ও যথোপযুক্ত পন্থা নির্ধারণের মাধ্যমে তা বাস্তবায়ন করা

* খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, মেয়েদের উত্যক্তকরণ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং এর অপরাধ, মাদক ব্যবসা ও সেবন ইত্যাদি জঘন্য প্রকৃতির অপরাধসমূহ নিয়ন্ত্রণকল্পে কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা

* অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণে রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং পরিকল্পনায় তাদের সম্পৃক্তকরণ

* অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে (পুলিশ, আনসার ও ভিডিপি ইত্যাদি) সমন্বিত পদক্ষেপ গ্রহণে উৎসাহ প্রদান

* আইনশৃঙ্খলার উন্নয়নে সরকার/বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির নিকট প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ

* আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনাকরণ

* সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ

* জেলা আইনশৃঙ্খলা কমিটির স্থানীয় প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটরা যে কোনো সরকারি কর্মকর্তা/দপ্তর প্রধানকে কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন।

* কমিটি প্রতিমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনবোধে যে কোনো সময়ে সভা অনুষ্ঠান করবে।

* পুলিশ সুপার প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন।

আইএইচ/