
|
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে আবারও রেকর্ড
প্রকাশ:
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার বাজার। ডলারের দাম কমে যাওয়ায় সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করার পর এবং মার্কিন-ইরান উত্তেজনা কিছুটা কমার সঙ্গে সঙ্গে ডলারের দাম কমায় স্বর্ণ ও রুপার দাম বেড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ শতাংশ বেড়ে ৫ হাজার ১৮৪ দশমিক ৯০ ডলারে উঠেছে। মার্কিন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ব্যবসায়ীরা বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হিসেবে দেখছেন। এতে ডলারের দাম কমেছে, যদিও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল। রয়টার্স জানায়, চীনের চন্দ্র নববর্ষের ছুটির কারণে মূল ভূখণ্ডের বাজার বন্ধ থাকায় স্বর্ণের লেনদেনের পরিমাণ কম এবং দাম অস্থির হয়েছে। মঙ্গলবার থেকে লেনদেন পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। |