
|
হজযাত্রীরা যেন হয়রানির শিকার না হয়: বিমানমন্ত্রী
প্রকাশ:
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, হজযাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। রোববার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজযাত্রা ব্যবস্থাপনা সংক্রান্ত এক অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রী বলেন, 'হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।' একই সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, 'আমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কি না।' এসময় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় আসন্ন হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা করা হয়। পর্যালোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএইচ/ |