
|
ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ১২ জন নিহত
প্রকাশ:
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৭ দুপুর
নিউজ ডেস্ক |
লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারও আছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) শুক্রবার জানায়, দেশের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথমে অন্তত ছয়জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ‘১০ জনের বেশি’ হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখনো জীবিতদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলে জানায় এনএনএ। এদিকে শুক্রবারের শুরুতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদানের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েহে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এনএনএ জানায়, একটি ইসরায়েলি ড্রোন শিবিরের হিত্তিন এলাকায় হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধবিরতি সমঝোতার বারবার লঙ্ঘনের’ জবাবে তারা এমন একটি ‘হামাস কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখান থেকে ‘সন্ত্রাসীরা কার্যক্রম পরিচালনা করছিল।’ তবে হামাস এ হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তারা ইসরায়েলের অভিযোগকে ‘মনগড়া’ বলে প্রত্যাখ্যান করে । এনএইচ/ |