১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪০ বিকাল
নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জের জিনজিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫ জন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা বাজারে অভিযানে নামেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তারা বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করেন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য ও নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় একটি গরুর মাংস ও একটি মুরগির মাাংসের দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এবং কাগজপত্রে অসংগতি পাওয়ার কারণে তাৎক্ষণিক জরিমানা করা হয়। অভিযানের সময় বাজারে বিভিন্ন দোকানের মূল্য তালিকা, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করেন তারা। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এই সময়ে কিছু অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে ভোক্তাদের ভোগান্তিতে না ফেলতে পারে, সে জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন,  কোন ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করলে বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

আই.এইচ./