
|
মসজিদে নববীতে ইফতারে রোজাদারদের ঢল
প্রকাশ:
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৯ বিকাল
নিউজ ডেস্ক |
মাহে রমজানের প্রথম দিন থেকেই মদিনার মসজিদে নববীতে ইফতারে রোজাদারদের ঢল দেখা গেছে। নগরবাসী ও দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে লক্ষাধিক রোজাদার একসঙ্গে ইফতার করেছেন। এই দৃশ্য রমজানের পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেছে। রমজানের প্রথম দিন মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ইফতার আয়োজনে দেখা গেছে ব্যতিক্রমী দৃশ্য। মসজিদের পবিত্র প্রাঙ্গণে হাজারও রোজাদার, স্থানীয় বাসিন্দা ও সফররত মুসল্লিদের মিলন মেলা। চারপাশজুড়ে ইবাদত, সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধে ভরপুর পরিবেশ। মসজিদের বিস্তৃত আঙিনাজুড়ে সারিবদ্ধভাবে সাজানো হয় ইফতারের টেবিল। সেখানে মুসল্লিরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ইফতারের জন্য একত্রিত হন। পুরো আয়োজনজুড়ে ফুটে ওঠে রমজানের বিশেষ আত্মিক তাৎপর্য। যেখানে ধৈর্য, দয়া ও পারস্পরিক সম্মান একসূত্রে মিলিত হয়। এই বিপুল সমাগম নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছিল সুপরিকল্পিত ও সমন্বিত সেবা ব্যবস্থা। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নেয়। ফলে রোজা, ইফতার ও নামাজ আদায়ে মুসল্লিরা পান প্রশান্তি ও স্বস্তির অভিজ্ঞতা। ইফতার আয়োজন সফল করতে ব্যক্তি উদ্যোগ ও দাতাদের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো। অনেকেই স্বেচ্ছায় ইফতার প্রস্তুত ও পরিবেশনে অংশ নেন। এই উদারতা ও সেবার মানসিকতা রমজানের চেতনা এবং মদিনার ঐতিহ্যবাহী সামাজিক মূল্যবোধকে নতুন করে তুলে ধরেছে। রমজান মাসে মদিনায় এমন দৃশ্য নতুন নয়। তবে প্রথম দিনের ইফতারে মুসল্লিদের এই বিপুল অংশগ্রহণ আবারও প্রমাণ করেছে রমজান শুধু অনাহারে থাকার মাস নয়; এটি ঐক্য, সহানুভূতি ও মানবিক বন্ধনের এক মহিমান্বিত সময়। সূত্র: সৌদি গেজেট
আই.এইচ./ |