‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে সরকারি দল’
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫০ দুপুর
নিউজ ডেস্ক

শপথের দিন সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে দেশের জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোট, সংস্কার ও মানুষের সঙ্গে প্রতারণা করেছে তারা। এ সময় সরকারি দল অতিদ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে বলেও আশা করেন তিনি। 

জাতীয় নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, মানুষের স্বপ্ন ভঙ্গুর হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু হলেও, ভোট গণনায় কারচুপি হয়েছে।

নতুন মন্ত্রিসভা নিয়ে নাহিদ বলেন, নতুন মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি। অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা হয়নি। নারীসহ বিভিন্ন জাতির উপস্থিতি নেই। মন্ত্রিসভায় অর্ধেকের বেশি ব্যবসায়ী। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ঋণখেলাপি। মন্ত্রিসভা গঠনে নতুনত্ব নেই। মন্ত্রিসভায় হত্যা মামলার আসামিও রাখা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ২/১ দিন ধরে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। এটা অবশ্যই নতুন সরকারি প্রশাসন ও দলের প্রশ্রায়ে হচ্ছে। 

নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির যোগসাজশ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সরকারি দলের প্রতি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, পুলিশ যাতে দলীয়করণ না হয়।

তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করলে সাধুবাদ জানাব। বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দেওয়া হচ্ছে। আওয়ামী শাসনামলে ফিরে গেলে জনগণ মেনে নেবে না।

বিএনপি সংস্কারের ও গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণভোট বাতিল হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। গণভোট বাতিল হলে নতুন সরকারেরও বৈধতা থাকবে না।

আরএইচ/