
|
দুই মাসে পুরো কোরআন লিখল শিশু অরিনা সাফা খান
প্রকাশ:
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ দুপুর
নিউজ ডেস্ক |
মাত্র দুই মাসে পুরো কোরআন শরিক নিজ হাতে লিখেছে ৯ বছরের শিশু অরিনা সাফা খান। নিজ হাতে লেখা সেই পাণ্ডুলিপি বাঁধাইয়ের প্রস্তুতি চলছে। ১১৪টি সুরা সংবলিত ৩০ পারার এ কোরআন দেখে বোঝার উপায় নেই, এটি ছাপা না হাতে লেখা। খুলনা মহানগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকার ব্যবসায়ী মো. শুকুর আলী খান ও গৃহিণী রাশিদা বেগমের ছোট মেয়ে অরিনা। অরিনা খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে ৪র্থ শ্রেণিতে পড়ার সময় নিজ হাতে পবিত্র কোরআন লিখেছে। কোরআনের হাফেজ না হয়েও সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন অসংখ্য সুরা মুখস্ত তেলাওয়াত করতে পারে সে। এমনকি ইসলামী সংগীতেও ব্যাপক পারদর্শী অরিনা। পেয়েছে অনেক পুরস্কারও কোরআনের এ পাখি। অরিনা জানায়, ছোটবেলা থেকে তার আরবি লিখতে ভালো লাগতো। আল্লাহর সন্তুষ্টির আশায় সম্পূর্ণ কোরআন শরিফ সে দুই মাসে লিখেছে। বড় হয়ে কী হতে চাও এমন প্রশ্নের উত্তরে অরিনা বলে, আমি বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই। আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটাই হতে হবে এবং সেটাই হবো। তবে আমার ইচ্ছা আমি এমন একজন মানুষ হবো যেন আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়। আমি যেন সবার উপকারে আসতে পারি। অরিনার মা রাশিদা বেগম জানান, অরিনার বড় বোন আরবি ভাষা লিখতে শিখিয়েছে তাকে। সেই থেকে অরিনা নিয়মিত আরবি লিখতো। ওর হাতের লেখা অনেক সুন্দর দেখে তার ফুফাতো ভাই নাঈম ওকে কোরআন শরিফ লিখতে বলে। সেই থেকে ও কোরআন শরিফ লেখা শুরু করে। অরিনার কোরআন লেখার তত্ত্বাবধায়ন করেছে ওর বড় বোন। এনএইচ/ |