রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রস্তুতি পরিদর্শন সৌদি মন্ত্রীর
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৭ সকাল
নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম, মসজিদে নববি এবং পবিত্র নগরীর বিভিন্ন সেবাকেন্দ্রে পরিচালনাগত ও সেবামূলক প্রস্তুতি পরিদর্শন করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী এবং দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটির বোর্ড চেয়ারম্যান তাওফিক আল-রাবিয়া।

সোমবার অনুষ্ঠিত এ পরিদর্শন সফরে তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার গাজি আল-শাহরানি। সফরকালে মাঠপর্যায়ের কার্যক্রম, জনসমাগম ব্যবস্থাপনা পরিকল্পনা এবং ওমরাহ পালনকারী ও মুসল্লিদের চলাচল ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়।

এছাড়া হাজিদের সেবায় নিয়োজিত মন্ত্রণালয়, কর্তৃপক্ষ ও অংশীদার সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও কার্যক্রমের একীভূত বাস্তবায়ন প্রক্রিয়াও মূল্যায়ন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

তাওফিক আল-রাবিয়া বলেন, এসব কার্যক্রম সৌদি নেতৃত্বের নির্দেশনার আলোকে পরিচালিত হচ্ছে এবং দুই পবিত্র মসজিদ ও তাদের আগত দর্শনার্থীদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, রমজান মাসে প্রস্তুতির মানোন্নয়ন ও সেবার বিস্তৃতি চলমান উন্নয়ন প্রচেষ্টার অংশ। এসব উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য অর্জনে সহায়ক, যার উদ্দেশ্য হাজিদের সেবার মান ও সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা।

(সূত্র : আশরাক আল আউসাত ও গল্ফ নিউজ)

এনএইচ/