সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪১ রাত
নিউজ ডেস্ক

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার হবে প্রথম রোজা।

সৌদিভিত্তিক ওয়েবসাইট ‘হারামাইন’ থেকে বলা হয়েছে, “সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে।”

 এতে আরও বলেছে, “মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক। এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।”

সৌদির পাশাপাশি একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতারও এখন পর্যন্ত চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

তবে সৌদির প্রতিবেশী রাষ্ট্র ওমানে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি।

মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও বৃহস্পতিবার হবে প্রথম রোজা।

 এমএম/