
|
সংবিধান সংস্কার শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে : গাজী আতাউর রহমান
প্রকাশ:
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই সনদের ধারা-৮ এ পরিস্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে এবং ধারা-৯ এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেয়ার কথা বলা আছে। এসব বিষয়ে আইনী নানা বিতর্ক থাকলেও বিএনপিসহ সকলেই সেই জুলাই সনদে সাক্ষর করেছে। এই সনদের ওপরেই গণভোট হয়েছে এবং তাতে জনগণ সায় দিয়েছে। এখন পুরোনো আইনী বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া স্পষ্টত জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা। জুলাই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করা। হাজারো মানুষের উৎসর্গিত জীবনের পাটাতনে দাড়িয়ে এই আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিলো না। গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো। ১৭ ফেব্রুয়ারি, বুধবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান উপর্যুক্ত কথা বলেন। একই সাথে তিনি বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোড়ে জনরায়কে উপেক্ষা করার পরিনতি কখনোই ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে তাহলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে বলে আশংকা হচ্ছে। তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করুন। আরএইচ/ |