সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি পদে নিয়োগ
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

অবশেষে রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রথম এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নাবিল ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১৫ ফেব্রুয়ারি তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। ফলে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত ব্যাংকটি প্রথম এমডি পেল। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংক খাতের ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমান ইউসিবি ব্যাংকে ২০২৪ সালের অক্টোবরে যোগদান করেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এইচবিএল বাংলাদেশে যোগদানের আগে তিনি ২০১৮ সালে ইউসিবির ডিএমডি হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন।

আরএইচ/