রাজাগঞ্জে খেজুরগাছের পক্ষে বিশাল নির্বাচনী সমাবেশ
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

কানাইঘাটের রাজাগঞ্জে বিএনপি-জমিয়ত মনোনীত সিলেট-৫ আসনের খেজুরগাছের পক্ষে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মাওলানা নূর আহমদ কাসেমীর সভাপতিত্বে ও শাহিদুল ইসলাম ও মাওলানা আব্দুল কুদ্দুস এর যৌথ পরিচালনায় নির্বাচনী সমাবেশে সিলেট-৫ আসনের খেজুরগাছের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন আমি এমপি নির্বাচিত হলে কানাইঘাট-জকিগঞ্জের কোনো দাবি নিয়ে আপনাদের আমার কাছে যেতে হবে না। এই জনপদকে আমি হাতের তালুর মতো চিনি। কোথায় কী উন্নয়ন প্রয়োজন, তা আমি নিজে থেকেই আপনাদের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন করবো।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে আপনাদের খাদিম হিসেবে নির্বাচন করেন, আমি ওয়াদা করছি—আপনাদের আমানতের কোনো খেয়ানত করবো না।

কানাইঘাট-জকিগঞ্জের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার যথার্থ প্রতিফলন হিসেবে তিনি রাজাগঞ্জের এই বিশাল সমাবেশকে উল্লেখ করেন।

তিনি বলেন, আমার ব্যক্তিগত কোনো অভিলাষ নেই। জীবনে মরণে আপনাদের সঙ্গেই থাকবো, আপনাদের সুখ দুঃখের সাথী হবো এবং আপনাদের সেবা করবো—ইনশাআল্লাহ।

সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আল্লাহ পাক আমাদের আমানতের সঠিক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আমানতের খেয়ানত করলে শুধু নিজেদের নয়, দেশের এবং জুলাই বিপ্লবে রক্ত দেওয়া বীর শহীদদের সাথেও বিশ্বাসঘাতকতা করা হবে। তিনি আরও বলেন, আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবসহ দেশে শান্তি-সমৃদ্ধির পূর্ণতা অর্জিত হোক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও জমিয়তের তৃণমূলের নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ছাতক-দোয়ারাবাজারে ন্যায়নীতি, উন্নয়ন ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এনএইচ/