
|
যমুনা এলাকার সমাবেশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি পুলিশ : ডিএমপি
প্রকাশ:
০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪২ বিকাল
নিউজ ডেস্ক |
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে যমুনা ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। তবু আজ শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নিয়মতান্ত্রিকভাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এ সময় কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র (লেথাল ওয়েপন) বা গুলি ব্যবহার করা হয়নি। ডিএমপি আরও জানায়, ঘটনার ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন, সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এমএম/ |