
|
এপস্টেইন শয়তানতুষ্টি ও শয়তানি আরাধনার একটি রূপ: শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ:
০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
বিশ্বজুড়ে আলোচিত জেফরি এপস্টেইন এবং তার বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষাপটে শয়তানের প্ররোচনা ও পদাঙ্ক অনুসরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, কোরআন ও হাদিসে কেন বারবার শয়তানের পদাঙ্ক অনুসরণ এবং তার ধোঁকা থেকে বেঁচে থাকতে সতর্ক করা হয়েছে- এপস্টেইন কাণ্ড সেই বাস্তবতাকে সমাজের সামনে আরও একবার স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। তিনি বলেন, ‘শয়তানের অন্যতম প্রধান হাতিয়ার হলো যৌনতা। ইসলাম কেবল জেনা-ব্যভিচারকে নিষিদ্ধ করেনি, বরং জেনার ধারে-কাছে যাওয়া থেকেও কঠোরভাবে বারণ করেছে। কারণ যৌন অপবিত্রতার মাধ্যমেই শয়তান সবচেয়ে বেশি তৃপ্ত হয়।’ এপস্টেইনের বিকৃত যৌনাচার ও পাশবিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এপস্টেইনের এসব অমানবিক কর্মকাণ্ড মূলত শয়তানতুষ্টি এবং ‘শয়তানি আরাধনারই’ একটি রূপ। এ কারণেই আল্লাহ তাআলা আমাদের এমন সব পথ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, যা শয়তানের সন্তুষ্টির কারণ হয়।’ অনুসারীদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহ পরামর্শ দিয়ে বলেন, শয়তানের দাসত্ব থেকে মুক্তি পেতে হলে ছোট ছোট পাপ থেকেও বেঁচে থাকতে হবে। যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে শয়তানের ক্ষুদ্র ক্ষুদ্র প্ররোচনা থেকে নিজেদের রক্ষা করতে পারবে, তারাই বড় ধরনের কোনো ফাঁদ বা দাসত্ব থেকে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। আরএইচ/ |