
|
আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী
প্রকাশ:
০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৫ রাত
নিউজ ডেস্ক |
ঢাকা-৭ আসনে বটগাছ প্রতীকের সংসদ পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, জাতির নিরাপত্তা অনেকটাই নির্ভর করে নৈতিকতা, ন্যায়বিচার ও সুশাসনের ওপর। এই জায়গায় আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য। আলেমরা যখন সংসদে প্রতিনিধিত্ব করবেন, তখন আইন প্রণয়ন হবে পবিত্র কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধের আলোকে। এতে সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার কমে আসবে। আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাবুবাজারে নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি মুজিবুর রহমান, মাওলানা সালমান ও মাওলানা মাসউদুর রহমান প্রমূখ। আলেমরা ব্যক্তিগত স্বার্থের রাজনীতি নয়, বরং আমানতদারিতা ও জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাসী। তাদের উপস্থিতি সংসদকে করবে আরও দায়িত্বশীল ও নৈতিকভাবে শক্তিশালী। ফলে রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলা ফিরবে, জনগণের জান-মাল নিরাপদ হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, নৈতিক অবক্ষয় ও সহিংসতা থেকে রক্ষা করতে হলে আইনসভায় দরকার এমন নেতৃত্ব, যারা আল্লাহভীতি ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই দায়িত্ব আলেমরাই যথাযথভাবে পালন করতে পারেন। মাওলানা মিয়াজী বলেন, আমরা বারবার বলছি, কারো বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি জনগণের সামনে আমাদের কাজ, চিন্তা ও পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পাওয়ার জন্য। ক্ষমতার লড়াই নয়, বরং ন্যায়ভিত্তিক রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মসূচিকে বাস্তব রূপ দিতেই আমাদের এই অংশগ্রহণ। বটগাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বটগাছ প্রতীকে ভোট দিয়ে যদি আমাকে সংসদে পাঠান, তবে আমি আপনাদের অধিকার রক্ষা, এলাকার সমস্যার স্থায়ী সমাধান এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আমানতদার হিসেবে কাজ করবো। এমএম/ |